মাদারীপুর ২ আসনের এমপি কে হচ্ছেন?

আসন্ন ১৩শ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ (মাদারীপুর সদর ও রাজৈর) আসনে ইতোমধ্যে জমে উঠেছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা, গণসংযোগ ও দলীয় কার্যক্রমে পুরো আসনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এবারের নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা হবে বহুমাত্রিক।

এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন জাহান্দার আলী জাহান। তিনি বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলীয় তৃণমূল পর্যায়ে সক্রিয় নেতৃত্বের কারণে ইতোমধ্যে আলোচনায় রয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ব্যারিস্টার শহিদুল ইসলাম। বিভিন্ন প্রচারণায় তাকে বিএনপি প্রার্থীর সমর্থক হিসেবেও দেখা গেছে, যা ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ (সাঈদ আনসারী) মিল্টন বৈদ্য। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী হয়েছেন আলী আহমাদ চৌধুরী

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মাদারীপুর-২ আসনে মোট প্রার্থীর সংখ্যা ১০ জন। ফলে একাধিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিতে ভোটের লড়াই হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এ আসনটি বর্তমানে শূন্য রয়েছে। সাবেক সংসদ সদস্য শাজাহান খান দায়িত্বে না থাকায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে নতুন প্রতিনিধির প্রত্যাশা তৈরি হয়েছে।

আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩শ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন থেকেই ভোটারদের মধ্যে বাড়ছে আগ্রহ। স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুবিধার প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।

এবারের নির্বাচনে কার ভাগ্যে জুটবে মাদারীপুর-২ আসনের বিজয়মালা তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত।

Leave a Comment